ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। (ছবি:সংগৃহীত)
দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল পর্বে ফিরে নকআউটের প্রথম ধাপ পেরিয়েছে নরওয়ে। এবার শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাগজে-কলমে সেলেসাওরা ফেভারিট হলেও, প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভীত নন নরওয়ের প্রধান কোচ স্টেলে সোলবাকেন। বরং তিনি মনে করেন, ব্রাজিল আর আগের মতো অপ্রতিরোধ্য বা ‘খুব বড় মাপের’ দল নয়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, “আমার মনে হয় না ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট, যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা দীর্ঘ সময় ধরে ভালো ছন্দে আছি। দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে এবং আমাদের নিজস্ব খেলার ধরন তৈরি হয়েছে। এই বিষয়গুলো ম্যাচে আমাদের বড় সহায়তা করবে।”
নরওয়ের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ইতিহাসও। ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ইউরোপের দলটি এবং দুই ম্যাচেই জয় পেয়েছে। বিশেষ করে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ২-১ গোলের ঐতিহাসিক জয় এখনও নরওয়েজিয়ানদের অনুপ্রেরণা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনতে চান সোলবাকেন।
দলের শক্তির জায়গা নিয়ে নরওয়ে কোচ বলেন, “আমরা আর্লিং হল্যান্ডকে কীভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হবে, সেটি খুঁজে পেয়েছি। তাকে বল সরবরাহ করার পথও আমাদের জানা। আমরা শুধু রক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলের অপেক্ষা করব না, আক্রমণাত্মক ফুটবল খেলব।”
তবে ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগ সম্পর্কে সতর্কও সোলবাকেন। তার ভাষায়, “ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৯০ কিংবা ১২০ মিনিট—যেকোনো সময় আমাদের রক্ষণ সামলাতে হতে পারে। তখনও সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। চাপে পড়ে নয়, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।”
কৌশলগত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আমাদের দুই ফুলব্যাকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। উইংব্যাকদেরও রক্ষণে সহযোগিতা করতে হবে, যাতে কেউ একা একা প্রতিপক্ষের মুখোমুখি না হয়। আমরা জোনাল ডিফেন্সে সফল হতে চাই। তাহলে একজনের পাশে আরেকজনের সমর্থন থাকবে।”
ইতিহাস, আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে আজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে নরওয়ে। পরিসংখ্যানের ধারাবাহিকতা ধরে রেখে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, তার উত্তর মিলবে আজ রাতের হাইভোল্টেজ লড়াইয়ে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







