ব্রাজিল-নরওয়ে ম্যাচে জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে একের পর এক ম্যাচের ফলের পূর্বাভাস মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। যদিও শনিবার আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়, তবুও ব্রাজিলের সমর্থকদের আস্থা এখনও কমেনি।
রোববার (৫ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই লড়াইয়ের আগে মিলুর নতুন ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের আগের ম্যাচগুলোর আগে মিলুর দেওয়া বেশ কয়েকটি পূর্বাভাস বাস্তব ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় সমর্থকদের কাছে বিড়ালটি এক ধরনের সৌভাগ্যের প্রতীকে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, মিলুর পূর্বাভাস তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়ার পরও অনেক সমর্থক মিলুর পূর্বাভাসে ভরসা রেখেছিলেন, আর শেষ পর্যন্ত ব্রাজিল জয় পাওয়ায় সেই বিশ্বাস আরও দৃঢ় হয়।
মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিটিও বেশ ব্যতিক্রমী। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের খাবারের বাটি রাখেন, যার পেছনে থাকে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে আগে খাবার খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়। ব্রাজিল–নরওয়ে ম্যাচের আগে মিলু ব্রাজিলের পতাকাযুক্ত বাটিই বেছে নিয়েছে।
তবে এই পদ্ধতি নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের অভিযোগ, মিলুর মালিক ইচ্ছাকৃতভাবে তাকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। যদিও নাতান পিনহেইরো এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং মিলু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই নিজের পছন্দ অনুযায়ী বাটি নির্বাচন করে। এ বিষয়টি দেখাতে তিনি ভিডিওও প্রকাশ করেছেন।
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে ভুল পূর্বাভাস দেওয়ায় মিলুর টানা সফলতার ধারায় ছেদ পড়লেও ব্রাজিল–নরওয়ে ম্যাচকে ঘিরে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। এখন দেখার বিষয়, এবার তার পূর্বাভাস বাস্তবের ফলের সঙ্গে মিলে যায় কি না।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








