দুই বিচ্ছেদের পর আবারও বিয়ের বন্ধনে আমির খান

আমির খান ও গৌরী স্প্র্যাট । সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের জীবনে আজ শুরু হচ্ছে নতুন অধ্যায়। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের সমুদ্রমুখী বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি।
জানা গেছে, আমির ও গৌরী দুজনেই আড়ম্বর এড়িয়ে চলতে পছন্দ করেন। তাই বিয়ের আয়োজন রাখা হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে। তবে অনুষ্ঠানে প্রায় ১৫০ অতিথি উপস্থিত থাকবেন। আমিরের ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্য, বলিউডের কয়েকজন প্রযোজক ও পরিচালকও এই আয়োজনে যোগ দিচ্ছেন।
মুম্বাইয়ে টানা বর্ষণের মধ্যেও বিয়ের জন্য সাজিয়ে তোলা হয়েছে অভিনেতার বাড়ি। আলোকসজ্জার পাশাপাশি অতিথিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে। পুরো আয়োজনের তদারকি করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট নিজেই।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। দীর্ঘ বৈবাহিক জীবনের পর সেই সম্পর্কেরও ইতি ঘটে।
বিয়ের অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
অতিথিদের তালিকায় রয়েছেন আমিরের দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক রাজকুমার সন্তোষীসহ পরিবারের ঘনিষ্ঠজনরা। তবে আমিরের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








