প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

রোববার ( ৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব স্মারক সামগ্রীর উদ্বোধন করা হয়।

এ বছরের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া এবং দিবসটির গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

প্রাইমটিভি/এনজি