করদাতাদের কর নথি অডিটে পড়ার কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

রোববার (৪ জুলাই) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে তাদের কর ফাইল অডিটে পড়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য কোনো ফাইল নির্বাচিত হলে তা শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়।

কর সংক্রান্ত যেকোনো অর্থ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয় বলেও জানিয়েছে সংস্থাটি। বিকাশ, রকেট, নগদ, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ দেওয়ার সুযোগ নেই।

সন্দেহজনক ফোন, এসএমএস বা ইমেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। এছাড়া কেউ কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ করার আহ্বান জানানো হয়েছে।

করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রতারণার ফাঁদে পা না দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রাইমটিভি/এনজি