দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী ৭২ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে আরও আট জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে সক্রিয় রয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী-তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নদী-সংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি ও সরকারি নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

প্রাইমটিভি/এমএইচ