সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ এবং বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ সীমিত করার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন এবং বিরোধী দলের বক্তব্যে বাধা দেওয়ার প্রতিবাদেই সংসদ থেকে ওয়াকআউট করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এবং দলটির জ্যেষ্ঠ নেতারা এ অভিযোগ তুলে ধরেন।
নাজিবুর রহমান বলেন, রোববার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়েছে। ফলে তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য রাখার সুযোগ পান। অন্যদিকে সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত ৪০ মিনিটের বক্তব্যের সময় বাড়িয়ে এক ঘণ্টারও বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্য চালিয়ে যেতে দেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যে পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী।
সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়ে নাজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধি অনুসরণ না করেই একের পর এক বিল সংসদে উপস্থাপন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিল পর্যালোচনা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্পিকারের বিশেষ ক্ষমতাকে নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করে প্রতিদিন নতুন বিল উপস্থাপন করা হচ্ছে, যা সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার ঘটনাও ওয়াকআউটের অন্যতম কারণ বলে উল্লেখ করেন জামায়াতের এই সংসদ সদস্য।
ব্রিফিংয়ে দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, সংসদে রোববারের ঘটনাটি দেশের সংসদীয় ইতিহাসে একটি ‘দুঃখজনক ও নজিরবিহীন’ ঘটনা। তিনি দাবি করেন, অতীতেও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্ধারিত সময় মেনেই বক্তব্য দিয়েছেন। কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় বক্তব্য রাখলেও তা নিয়ন্ত্রণ করা হয়নি।
তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলার সুযোগ নিশ্চিত না হলে সেখানে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব নয়। তাই সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক সব কর্মসূচির মাধ্যমে জনগণের স্বার্থে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









