বিভিন্ন খেলার জার্সি পরে নামাজ আদায় করা প্রসঙ্গে দেশের বিশিষ্ট ফুকাহায়ে কেরাম বা ইসলামি আইনবিদদের অভিমত এসেছে, এই ধরনের পোশাক পরে নামাজ আদায় করা অনুচিত হলেও এতে নামাজ আদায় হয়ে যাবে।

ফতোয়ায় বলা হয়েছে, জার্সি বা পোশাকে যদি কোনো জীবজন্তুর স্পষ্ট ও দৃশ্যমান ছবি থাকে, তবে তা পরে নামাজ আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় হিসেবে গণ্য হবে। বিশেষ করে ছবিটি যদি পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তাহলে এ ধরনের পোশাক নামাজের আদব ও পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে।

তবে ফুকাহায়ে কেরামের মতে, যদি ছবিটি অস্পষ্ট হয় বা চোখে সহজে ধরা না পড়ে, তাহলে সেই পোশাক পরে নামাজ আদায় করলে তা মাকরুহ হবে না। একই সঙ্গে প্রাণহীন বস্তু যেমন গাছপালা, পাহাড় বা নদীর ছবি যুক্ত পোশাক ব্যবহার করা শরিয়ত অনুযায়ী বৈধ বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বলা হয়েছে, ইসলামি শরিয়তের মূল নির্দেশনায় প্রাণীর ছবি ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, তবে এ বিষয়ে ব্যাখ্যা ও প্রেক্ষাপট অনুযায়ী বিধান ভিন্ন হতে পারে।

ইসলামি স্কলাররা আরও উল্লেখ করেছেন, খেলাধুলার কিছু প্রচলিত সংস্কৃতি সময় ও অর্থের অপচয় এবং অনৈসলামিক আচরণের সাথে যুক্ত হতে পারে, তাই এসব বিষয়ে মুসলিমদের সচেতন থাকা প্রয়োজন।

পবিত্র কুরআনে সুরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজসজ্জা গ্রহণ কর।

এদিকে পবিত্র নামাজকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে সময়মতো নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।

প্রাইমটিভি/এনজি