হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের ৬১৭ জন বাংলাদেশী

হজ শেষে দেশে ফিরেছেন হাজিরা । সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত ১৭২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ জন হাজি।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন রয়েছেন। ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯১টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।
এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ২৯ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাসে ৮ হাজার ৬৭২ জন হাজি। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ১৮৭ জন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৬ হাজার ৯৬৩ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।
এছাড়া মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩৬০ জন হাজিকে তথ্য ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট এবং ২৬ মে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। হজ শেষে ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এ বছর বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









