তিন যুগ পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা যুদ্ধের হাতছানি

ছবি- সংগৃহীত
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এবং আবেগঘন দ্বৈরথের নাম ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের বাড়তি উন্মাদনা। আর সেই ম্যাচ যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে উত্তেজনা পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।
দীর্ঘ ৩৫ বছর ধরে বিশ্বকাপে মুখোমুখি হয়নি দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর আর বিশ্বকাপের আসরে দেখা হয়নি দুই দলের।
তবে চলমান বিশ্বকাপে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের বর্তমান সমীকরণ অনুযায়ী, নিজেদের পরবর্তী ধাপগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।
গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। গ্রুপ সেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে লিওনেল মেসির দল মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপের। বর্তমান অবস্থান অনুযায়ী সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির পারফরম্যান্স দেখালেও পরবর্তীতে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ দল। ওই গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন এখনো প্রতিযোগিতায় রয়েছে। ফলে এই তিন দলের যে কোনো একটি ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে।
যদি দুই দলই দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা মিলবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই আবেগ, ইতিহাস এবং মর্যাদার লড়াই। ১৯৯০ সালের পর ৩৫ বছরের অপেক্ষা শেষে এবার কি আবারও বিশ্বকাপে মুখোমুখি হবে দুই লাতিন জায়ান্ট? সেই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গেই।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








