ভূমিকম্পের আগেই ফোনে সতর্কবার্তা, জীবন বাঁচাতে কতটা কার্যকর গুগলের প্রযুক্তি?

ছবিঃ সংগৃহীত
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগে লাখো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মোবাইল ফোনে সতর্কবার্তা পৌঁছে দেয় গুগল। ভূমিকম্পের পরপরই এই ঘটনা বিশ্বজুড়ে আগাম সতর্কীকরণ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গুগল ভূমিকম্পের পূর্বাভাস দেয়নি; বরং ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করে মূল ও অধিক শক্তিশালী কম্পন পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে সতর্কবার্তা পাঠিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম স্মার্টফোনের অ্যাক্সেলেরোমিটার সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের প্রথম কম্পন শনাক্ত করে। একই ধরনের কম্পন একাধিক ফোনে একযোগে ধরা পড়লে গুগলের অ্যালগরিদম দ্রুত ভূমিকম্পের অবস্থান ও সম্ভাব্য মাত্রা নির্ণয় করে আশপাশের ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠায়।
বটস.এআই বাই এইচআর অ্যানেক্সি-এর পরিচালক নিখার অরোরা বলেন, অনেকেই মনে করেন গুগল ভূমিকম্পের পূর্বাভাস দেয়। বাস্তবে প্রতিষ্ঠানটি ভূমিকম্পের সূচনা শনাক্ত করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠায়।
তার ভাষ্য, অ্যান্ড্রয়েড ফোনগুলো একটি বৃহৎ সেন্সর নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এগুলো ভূমিকম্পের দ্রুতগতির পি-ওয়েভ (Primary Wave) শনাক্ত করে, যা ধ্বংসাত্মক এস-ওয়েভ (Secondary Wave)-এর আগে পৌঁছে যায়। এ কারণে মূল কম্পন শুরু হওয়ার আগেই সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, সতর্কবার্তার সময়সীমা সাধারণত কয়েক সেকেন্ড হলেও দুর্যোগের মুহূর্তে এই অল্প সময়ই মানুষকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে বেরিয়ে আসা, বিপজ্জনক কাজ বন্ধ করা বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিতে পারে।
এনভায়রোকেয়ার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হৃষিত পন্থরি বলেন, ভেনেজুয়েলার অভিজ্ঞতা প্রমাণ করেছে যে প্রযুক্তিনির্ভর আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রাণহানি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যদিও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে তাৎক্ষণিক শনাক্তকরণ ও দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, দ্রুত নগরায়ণ এবং অবকাঠামো সম্প্রসারণের এই সময়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে শুধু ভূমিকম্প নয়, বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









