ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান । প্রাইম টিভি
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, তা সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী চলবে।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। দেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির বিষয়গুলো বিবেচনা করেই মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








