৫৪১ বারের মতো বন্ধ হলো চিলমারীর নৌপথে ফেরি চলাচল

চিলমারীর নৌপথে ফেরি চলাচল বন্ধ । প্রাইম টিভি
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ রয়েছে ফেরি চলাচল। ১৩ আগস্ট থেকে ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক, শ্রমিকসহ দুই উপজেলার স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) চিলমারী নদীবন্দরে আটকে থাকা একাধিক পণ্যবাহী পরিবহনের চালক ও শ্রমিকদের অপেক্ষা করতে দেখা গেছে।
ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে চলাচলকারী এই নৌরুটে ভারী যানবাহন পারাপারের ফেরি নাব্যতা সংকটের কারণে গত ১৩ আগস্ট বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ১৫ দিন পেরিয়ে গেলেও ফেরি চালুর কোনো সুখবর পাননি চালক ও শ্রমিকরা। ফলে চিলমারী নদীবন্দরে আটকা পড়ে আছে মালবাহী ভারী যানবাহন।
জানা গেছে, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়। শুরুতে দুটি ফেরির মাধ্যমে পণ্যবাহী ও ভারী যানবাহন পারাপার করা হলেও পরবর্তীতে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘কুঞ্জলতা’ ফেরির চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ‘কদর’ ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।
তবে নাব্যতা সংকটের কারণে বারবার ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৯ আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৬৫ দিনের মধ্যে নাব্যতা সংকটের কারণ দেখিয়ে ৫৪১ বার ফেরি চলাচল বন্ধ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি চিলমারীর সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ জানান, রৌমারী ঘাট থেকে প্রায় ২০০ বিঘা এলাকায় চাহিদার তুলনায় পানি কম থাকায় ১৪ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় ড্রেজিংয়ের কাজ চলছে। আরও দুটি ড্রেজার পাঠানোর কথা থাকলেও এখনো তা পাঠানো হয়নি। কয়েকদিন আগে রৌমারীতে গিয়ে ঘাট এলাকায় ড্রেজিংয়ের কাজ বন্ধ থাকতে দেখা গেছে।
দায়িত্বপ্রাপ্ত ড্রেজিং কর্মকর্তা সমীর চন্দ্র পাল জানান, রৌমারী ঘাট এলাকায় স্থানীয়দের বাধার কারণে খননকাজ বন্ধ রয়েছে। বর্তমানে শুধু প্রায় ২০০ বিঘা এলাকায় খনন চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দ্রুত ফেরি সার্ভিস চালু করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ফেরি সার্ভিসটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখা এবং মানুষের দুর্ভোগ কমাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।
বারবার ফেরি চলাচল বন্ধ হওয়ায় চিলমারী-রৌমারী নৌপথের স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগে নাব্যতা সংকট নিরসন করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





