কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শিশুর জন্য বিনামূল্যে সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিশুদের সুন্নতে খৎনার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। খৎনা করাতে আসা শিশুদের অভিভাবকদের জন্যও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়। এ কর্মসূচিতে অংশ নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম এডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবদিন পাটোয়ারী।

আয়োজকদের অন্যতম বদিউল আলম সুজন জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। চিকিৎসাসেবার পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় পোশাক ও ওষুধ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কর্মসূচিতে আসা এক শিশুর অভিভাবক রফিকুল ইসলাম বলেন, লাকসামে এ ধরনের আয়োজন গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। খৎনা থেকে শুরু করে ওষুধ ও পোশাক, সবকিছু বিনামূল্যে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।

অভিভাবকরা জানান, দরিদ্র পরিবারের শিশুদের সুন্নতে খৎনার মতো গুরুত্বপূর্ণ কাজে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় তারা আর্থিকভাবে স্বস্তি পেয়েছেন।

প্রাইমটিভি/এনজি