‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সদর উপজেলা পরিষদের কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম আসজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।

মতবিনিময় সভায় ফরিদপুরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চরাঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডাল, রসুন, পেঁয়াজ ও পাটবীজ উৎপাদন এবং দেশি মাছের চাষ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চরাঞ্চলে শাকসবজির উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাগল পালন এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে কৃষিপণ্যে স্বাবলম্বী করতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়াতেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রাইমটিভি/এনজি