বেশি দামে সার বিক্রি করলে বাতিল হবে ডিলারশিপ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । প্রাইম টিভি
দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাতিল করা হতে পারে ডিলারশিপ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলারদের সতর্ক করে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি অব্যাহত রয়েছে। ফলে সার সংকটের অজুহাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার কোনো সুযোগ নেই।
বিসিআইসি ও বিএডিসির ডিলারদের উদ্দেশে তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কৃষকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডিলারদের কার্যক্রম তদারকি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রান্তিক কৃষকেরা যাতে নির্ধারিত নিয়মে ও ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে নতুন ডিলার নিয়োগের বিষয়টি মন্ত্রিসভার সভায় আলোচনার কথাও জানান ইয়াসের খান চৌধুরী।
আসন্ন আমন মৌসুমে কৃষকদের মধ্যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ও গৌরীপুর সার্কেলের কর্মকর্তা দেবাশীষ কর্মকার, বিসিআইসি ও খুচরা সার ডিলার এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





