অক্ষয় খান্না বলিউডের এমন এক অভিনেতা, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেও নিজেকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। তার অভিনয়ের গভীরতা, সংযমী অভিব্যক্তি এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে।

সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে তার অভিনয় আবারও প্রমাণ করেছে, তিনি কেন এত বছর ধরে দর্শকদের কাছে প্রাসঙ্গিক।সহ-অভিনেতা দানিশ প্যান্ডোর শুটিং সেটে অক্ষয়ের আচরণ নিয়ে কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন।

ইন্ডাস্ট্রিতে অনেকের ধারণা, অক্ষয় নাকি সেটে খুব একটা কথা বলেন না। কিন্তু দানিশ জানান, বিষয়টি মোটেও সেরকম নয়। অক্ষয় অকারণে কথা বলেন না ঠিকই, তবে কেউ কিছু জানতে চাইলে তিনি অত্যন্ত আন্তরিকভাবে উত্তর দেন।

তিনি সবার সঙ্গে ভদ্র ও সম্মানজনক আচরণ করেন এবং কখনোই কাউকে এড়িয়ে চলেন না। আজকের দিনে যেখানে অধিকাংশ মানুষ স্মার্টফোনে ডুবে থাকেন, সেখানে অক্ষয় খান্না এক ব্যতিক্রম। দানিশের মতে, শুটিং চলাকালীন অক্ষয় একেবারেই ফোন ব্যবহার করেন না। বিরতির সময়েও তাকে ফোনে ব্যস্ত দেখা যায় না; বরং তিনি নিরিবিলি বসে নিজের চিন্তায় ডুবে থাকেন। এই অভ্যাসই তার একাগ্রতা ধরে রাখতে সাহায্য করে।

অক্ষয়ের এই নীরবতা আসলে তার কাজের প্রতি গভীর মনোযোগেরই প্রতিফলন। তিনি নিজেকে পুরোপুরি চরিত্রের মধ্যে নিমজ্জিত রাখতে পছন্দ করেন।ক্যামেরা অন হওয়ার আগে নিজের সংলাপ, অভিব্যক্তি এবং অভিনয় নিয়ে গভীরভাবে ভাবেন। এই নিষ্ঠা ও একাগ্রতাই তাকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।