অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সংঘাতের কারণে পারস্য উপসাগরে দীর্ঘ সাড়ে তিন মাস আটকে থাকার পর, অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে এই প্রণালি পার হয়। বর্তমানে এটি জ্বালানি গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে এবং কাতারের পণ্য খালাস করে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরপরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নিরাপত্তাজনিত কারণে জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিলেও প্রণালি বন্ধ থাকায় আটকে পড়ে।
পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণায় যাত্রা শুরু করলেও ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়। সর্বশেষ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে জাহাজটি মুক্ত হতে সক্ষম হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







