তপনের স্ত্রী সাবিনা হেলেন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গেল ডিসেম্বরে রোগ ধরা পড়ে তার। পরে হাসপাতালে নিলে জানা যায় চতুর্থ পর্যায়ে আছে রোগটি। এরইমধ্যে তিনটি কেমো থেরাপি দেওয়া হয়েছে তপনকে। হেলেন বলেছিলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে নিজ বাসায় মৃত্যুবরণ করেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন। আজ শনিবার কালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয় তার।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে তাহসিন জামান তিথি। তিনি জানান, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তপনের মরদেহ সমাহিত করা হয়।

খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন তপন। ভেঙে পড়েছিল শরীর। অর্থাভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল পরিবার। কামনা করছিল সরকারি সহযোগিতা।

তপনের চিকিৎসাসহায়তা চেয়ে হেলেন বলেছিলেন, চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।