স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। সততার সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তাঁর ভাষায়, ট্রান্সফার বা বদলিতে নয়, অনিয়মের ক্ষেত্রে কার্যকর শাস্তিতেই তিনি বিশ্বাস করেন।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকেও আধুনিক ও কার্যকর সেবাকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চলতি বছর স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে এবারের জাতীয় বাজেটকে আদর্শের বাজেট উল্লেখ করে মন্ত্রী বলেন, বাজেটের প্রতিটি উদ্যোগ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এনজি