হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, তিনি পেশায় রাখাল ছিলেন এবং গরুকে ঘাস খাওয়াতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শূন্য লাইনের প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে গুলির এ ঘটনা ঘটে। বিএসএফ গরু চোরাকারবারি সন্দেহে গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে চিমটিবিল সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের কাছে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে সোহাগ মিয়া হিসেবে শনাক্ত করেন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আবদুল কাদিরের দাবি, সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন। এ সময় গরু চোরাকারবারি সন্দেহে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার পর বিকেলে চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








