নেপালের রাসোয়া জেলার হাক্কু-২১৬ অঞ্চলের একাধিক সুড়ঙ্গে ভারী কাদা ও পানি জমে থাকায় প্রায় ৪০০ শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরের চরম বিপজ্জনক পরিস্থিতির কারণে উদ্ধারকারীরা এখনও গভীরে প্রবেশ করতে পারেননি।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ) জানিয়েছে, সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা কয়েকজন শ্রমিকের সঙ্গে গত প্রায় তিন দিন ধরে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এনএমএ-র রেসকিউ ইন-চার্জ বিক্রম কার্কির নেতৃত্বে একটি উদ্ধারকারী দল রাসোয়ার ১, ২ ও ৩ নম্বর সুড়ঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার অভিযানের সম্ভাব্যতা যাচাই করতে ঘটনাস্থলে যায়। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, এসব সুড়ঙ্গে আনুমানিক ৩০০ থেকে ৪০০ শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন।

তবে তীব্র কাদা, পানি ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকারীরা সুড়ঙ্গের গভীরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় প্লাবিত ও সংকীর্ণ সুড়ঙ্গে কাজের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষায়িত উদ্ধারকারী দল মোতায়েনের আহ্বান জানিয়েছে এনএমএ। একই সঙ্গে দ্রুত উচ্চক্ষমতাসম্পন্ন পানির পাম্প, কাদা ও ধ্বংসাবশেষ অপসারণের ভারী সরঞ্জাম, উন্নত অনুসন্ধান যন্ত্র এবং বিশেষ উদ্ধার সরঞ্জাম পাঠানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া জরুরি চিকিৎসাসেবা দল এবং পর্বতারোহণ ও গুহা উদ্ধার কার্যক্রমে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহায়তাও চাওয়া হয়েছে।

এনএমএ-র সাধারণ সম্পাদক রাজেন্দ্র বাহাদুর লামা বলেন, সরকারি কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তিগত সহায়তা দিতে তারা প্রস্তুত।

সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আটকে পড়া শ্রমিকদের জীবন রক্ষায় দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: দ্য হিমালয়ন টাইমস

প্রাইমটিভি/এমআর