দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২৯ আগস্ট) কুসরা ও জালুদ গ্রামে সংঘটিত হামলাকে ‘অপরাধমূলক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান জানান তিনি।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, কুসরা ও জালুদ গ্রামে আইন লঙ্ঘনকারী কয়েকজন দাঙ্গাকারীর সংঘটিত সহিংসতার তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড আইন মেনে চলা ইহুদি সম্প্রদায়ের প্রতি গুরুতর অবিচার করছে। একই সঙ্গে এগুলো ইসরাইলি সেনাবাহিনীকে (আইডিএফ) দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

এর আগে শনিবার পশ্চিম তীরের উত্তরে নাবলুসের কাছে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম কুসরায় কয়েক ডজন ইসরাইলি বসতিস্থাপনকারী হামলা চালায় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ওই এলাকায় প্রায় তিন সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতির পর হামলার ঘটনা ঘটে।

আগস্টের শুরুতে একদল বসতিস্থাপনকারী গ্রামের উপকণ্ঠে ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িঘরে প্রয়োজনীয় সরবরাহ পৌঁছাতে বাধা দেওয়া শুরু করে। এর ফলে বেশ কয়েকজন বাসিন্দা নিজেদের বাড়ির ভেতরে আটকা পড়েন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি ইসরাইলের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার জন্ম দেয়।

বসতিস্থাপনকারীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনাকে বিরল বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমগুলো।

সূত্র: আল আরাবিয়া