নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

ছবিঃ সংগৃহীত
নেপালের ভয়াবহ বন্যায় কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার পর ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভোতে কোশি নদীর পানি উপচে তিমুরেসহ রসুয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। আকস্মিক এই বন্যায় বহু মানুষ নিখোঁজ হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বন্যার পর নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছিলেন সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা। একপর্যায়ে মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান তারা। শব্দের উৎস শনাক্ত করে দ্রুত সেখানে খননকাজ শুরু করেন উদ্ধারকর্মীরা।
দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিমুরেতে এপিএফের সীমান্ত চৌকিতে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডু নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি।
পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীদের প্রশংসা করছেন অনেকে। একই সঙ্গে শিশুটির পরিবার ও স্বজনদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কর্তৃপক্ষও শিশুটির পরিবারের সন্ধান করছে।
সূত্র: এনডিটিভি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









