মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির

মোজতবা খামেনি । প্রাইম টিভি
ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক প্রতিরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
খামেনি বলেন, মুসলিমদের মধ্যে বিভাজন তাদের প্রতিপক্ষের স্বার্থে কাজ করে। কেউ জেনে বা না জেনে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করলে, তারা ইসলামের শত্রুদের সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তায় প্রশ্ন তোলা হয়, মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় অবস্থায় পড়ত?
বিশেষ করে উপসাগরীয় আরব শাসকদের উদ্দেশে খামেনি বলেন, উপসাগরীয় দেশগুলোর জনগণ ও সরকারগুলো যদি ‘ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ’ থাকত, তাহলে ‘পরিচয়হীন দুর্বৃত্তরা’ তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ করার সাহস পেত কি না।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলো ইরানের বিপ্লবী আদর্শ ও আঞ্চলিক প্রভাবকে নিজেদের রাজনৈতিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখে আসছে।
এদিকে বর্তমান সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা ও অন্যান্য অবকাঠামোতে তেহরানের হামলা ইরান ও তার উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়েছে।
এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









