লক্ষ্মীপুরে রিসাদ নামে ১০ বছরের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাক্কার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিসাদ ওই এলাকার অটোরিকশাচালক শাহেদের ছেলে। সে চররুহিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের অভিযোগ, একই বাড়ির মিলনের ছেলে রুবেল শিশুটিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রুবেল মাদকাসক্ত।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, রিসাদ নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার কারণ এবং হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি