রামুতে র্যাবের অভিযানে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার

রামুতে র্যাবের অভিযানে যুবক আটক । প্রাইম টিভি
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় বেলাল উদ্দিন নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলাল উদ্দিন ওই এলাকার দানু মিয়ার ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ২টার দিকে খুনিয়াপালংয়ের সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে পলিথিনে মোড়ানো ১০০টি বক্সে থাকা মোট ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট সংগ্রহ করে আসছিলেন তিনি। পরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সেগুলো বিক্রি করতেন।
র্যাব জানিয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা সিগারেটসহ তাকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







