ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেকশন-১১ তালাব ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণের সময় পানির পাম্প বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াত কর্মী মানিক। তাদের সঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জন ছিলেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপিপন্থি ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু। তাদের সঙ্গে প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক ছিলেন।

সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে ক্যাম্প এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

প্রাইমটিভি/এনজি