মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । প্রাইম টিভি
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের দুই শিবিরের সংঘাত। কলকাতা হাইকোর্টের নির্ধারিত শর্ত অমান্য করে কালীঘাটপন্থী তৃণমূল ক্যাথিড্রাল রোডে সভা করেছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় পৃথক কর্মসূচি নেয় তৃণমূলের দুই শিবির। দলীয় বিভাজনের কারণে ময়দান এলাকায় একই স্থানে সভার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট।
গত ২৫ আগস্ট বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে কালীঘাটপন্থী তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রতপন্থী গোষ্ঠীকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশে বলা হয়েছিল, দুই পক্ষের কোনো সভাতেই দেড় হাজারের বেশি মানুষ থাকতে পারবেন না। দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কর্মসূচি শেষ করার পাশাপাশি যান চলাচলের জন্য রাস্তার অন্তত একটি দিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে শুক্রবার ক্যাথিড্রাল রোডে কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলে বিপুল মানুষের জমায়েত হয় বলে অভিযোগ ওঠে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মমতা সভাস্থলে পৌঁছানোর পর ব্যারিকেড সরিয়ে বহু মানুষ কর্মসূচিতে যোগ দেন। এতে রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে বলেও অভিযোগ করা হয়।
এই ঘটনাকে আদালতের নির্দেশ লঙ্ঘন হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি বলেন, আদালতের নির্দেশ কীভাবে ভাঙা হয়েছে, তা সবাই দেখেছেন। রাস্তা বন্ধ করে মানুষকে সভাস্থলে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, এ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে আদালতের নির্দেশের পরও নতুন করে রাজনৈতিক সংঘাত সামনে আসায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুই শিবিরের অভ্যন্তরীণ বিরোধ এখন দলীয় কর্মসূচির গণ্ডি পেরিয়ে আদালত ও প্রশাসনিক পদক্ষেপের পর্যায়েও পৌঁছেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







