মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি

মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমানোর আহ্বান খামেনির। প্রাইম টিভি
ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে দেশে উৎপাদন বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বাৎসরিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যার টেকসই সমাধানে নিজস্ব উৎপাদনের ওপর নির্ভরতা বাড়াতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব নয়, কেবল সেগুলোই প্রয়োজন অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে আমদানি করা উচিত।
দেশের তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জাতীয় উন্নয়নকে আরও গতিশীল করার আহ্বানও জানান তিনি।
ইরানের অভ্যন্তরীণ ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা জনগণের মনোবল দুর্বল করে। ‘যুদ্ধ নাকি আলোচনা’ ইস্যুতে অহেতুক বিতর্ক তৈরি করে সমাজে বিভেদ সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্বে থাকা মায়েদের প্রশংসা করেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার মতে, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







