জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার নৌপথে। বাসের পর বাড়ানো হয়েছে লঞ্চ ভাড়াও। মঙ্গলবার ৫ মে নৌপরিবহন মন্ত্রণালয় লঞ্চের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এতে কম দূরত্বের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বের ভাড়া ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা ২০১৯ এর ২৭ বিধি অনুযায়ী যাত্রী ভাড়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। জ্বালানির দাম বৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তোলেন মালিক ও শ্রমিকরা। এ নিয়ে দফায় দফায় বৈঠকও অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। সেই সিদ্ধান্ত কার্যকরের পর এবার লঞ্চ ভাড়াও বাড়ানো হলো, ফলে সামগ্রিকভাবে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।