বরিশাল বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’

ছবি- সংগৃহীত;
পদোন্নতির দাবি আদায় এবং শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এবার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। রোববার (১০ মে) শিক্ষক সমাজ-এর ব্যানারে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল।
পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে আসছিলেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। শিক্ষকদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো আমলে নিচ্ছেন না। এই অচলাবস্থা নিরসনে গত ২৮ এপ্রিল তারা ‘অসহযোগ আন্দোলন’-এর ডাক দিয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ মে রাতে হঠাৎ নোটিশ দিয়ে ৯ মে একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। শিক্ষকদের দাবি, ওই সভায় অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামতকে তোয়াক্কা না করে সংকট নিরসনে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রোববার অনুষ্ঠিত শিক্ষকদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম, আগামী ১১ মে থেকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পাশাপাশি সোমবার (১১ মে) থেকে ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমসহ সব ধরনের একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ শাটডাউন পালন করবেন শিক্ষকরা। এছাড়াও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্তও সাধারণ সভায় গৃহীত হয়েছে।
এই উত্তাল পরিস্থিতির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের এই অচলবস্থায় হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








