জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। বুধবার (২৯ এপ্রিল) রাতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে কাব্য রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সনাতন ধর্মের রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে শ্রীনিবাস পরেছিলেন আইভরি ও সোনালি রঙের ধুতি-পাঞ্জাবি এবং গলায় ছিল জমকালো সোনার চোকার। অন্যদিকে কাব্য রেড্ডি ঘিয়ে রঙের শাড়িতে সেজেছিলেন, যার সঙ্গে মিল রেখে টেম্পল জুয়েলারি ও মাথাপট্টি পরেছিলেন। তাদের বিয়ের পোশাকগুলো ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার শ্রবণ কুমার।

তিরুমালা মন্দিরে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হলেও সেখানে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র এবং রাজনীতি অঙ্গনের অনেক পরিচিত মুখ। অভিনেতা শ্রীনিবাসের বিয়েতে এসেছিলেন তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্কসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

২০১৪ সালে 'আল্লুডু সিনু' সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন শ্রীনিবাস। বর্তমানে তিনি নতুন সিনেমা 'টাইসন নাইডু' এবং 'হৈন্দব'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে শ্রীনিবাস ও কাব্য তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন।