পুত্রের সাথে কিংবদন্তি জেমসের মায়াময় মুহূর্ত

পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস। ছবি- সংগৃহীত
পর্দায় কিংবা কনসার্টের মঞ্চে তিনি গিটার হাতে হাজারো ভক্তকে উন্মাতাল করেন। তবে এবার ধরা দিলেন একেবারেই ভিন্নরূপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নগরবাউল জেমস সংগীতের তাল শেখাচ্ছেন তার ছোট্ট পুত্র জিবরান আনামকে। সংগীতের কিংবদন্তি এবং পিতৃত্বের এই মায়াময় মুহূর্তটি জয় করে নিয়েছে লাখো ভক্তের হৃদয়।
ভিডিওতে দেখা যায়, অত্যন্ত যত্ন ও ধৈর্য নিয়ে জেমস তার ছেলেকে ড্রাম স্টিক ধরার সঠিক নিয়ম এবং তালের খুঁটিনাটি দেখাচ্ছেন। বাবার প্রতিটি নির্দেশনা ছোট্ট জিবরানও অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সঙ্গে অনুকরণ করার চেষ্টা করছে। নেটদুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা নানা আবেগপূর্ণ মন্তব্য করছেন। কেউ লিখেছেন, রকের নতুন উত্তরাধিকার তৈরি হচ্ছে, আবার কেউ বলছেন বাবার রক্ত তো কথা বলবেই।
ব্যক্তিগত জীবনকে সাধারণত আড়ালেই রাখেন জেমস। তবে গত বছর তিনি তার বিয়ে ও বাবা হওয়ার খবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কে তাদের কোলজুড়ে আসে পুত্র-সন্তান জিবরান।
সন্তান জন্মের পর এক প্রতিক্রিয়ায় জেমস বলেছিলেন, বাবা হওয়ার এই অনুভূতি অসাধারণ। সেই অসাধারণ অনুভূতিরই যেন একটি বাস্তব ও ভালোবাসাময় প্রতিফলন দেখা গেল প্র্যাকটিস প্যাডের সামনে বসে থাকা বাবা-ছেলের এই ভিডিওতে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








