একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনয়শিল্পী, মঞ্চনির্দেশক ও লেখক আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আজ সোমবার (১১ মে) তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

শর্মিষ্ঠা রহমান জানান, তার বাবার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। গত শুক্রবার বাসায় আচমকা পড়ে যাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে সাময়িক উন্নতি হলেও রোববার (১০ মে) পুনরায় তাকে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হন চিকিৎসকরা।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-উত্তর মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। অভিনয়ের পাশাপাশি নির্দেশক ও লেখক হিসেবে তার অবদান অনস্বীকার্য। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত 'একুশে পদক' সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার এই সংকটময় মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনের এই নক্ষত্রের দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন।