জীবনে কখনো কোনো স্ক্রিপ্ট পড়েনি সালমান খান

ছবি: সংগৃহীত- বলিউড সুপারস্টার সালমান খান
বলিউড মেগাস্টার সালমান খান তার দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন নিয়ে এক চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, এত বড় ক্যারিয়ারে তিনি আজ পর্যন্ত কোনো সিনেমার পুরো চিত্রনাট্য বা স্ক্রিপ্ট মন দিয়ে পড়েননি।
সালমান জানান, তিনি নিজে গল্প লিখেছেন ঠিকই, কিন্তু অন্যের লেখা স্ক্রিপ্ট কখনো পাতা ধরে পড়ার অভ্যাস তার নেই। কাগজের লেখার চেয়ে সিনেমার মূল উপস্থাপন এবং এর বাণিজ্যিক সম্ভাবনা বুঝে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার দামী ঘড়ির সংগ্রহ নিয়ে চলা গুঞ্জনও পরিষ্কার করেছেন তিনি। ১ কোটি টাকার বেশি মূল্যের ঘড়িগুলো প্রসঙ্গে তিনি হাসিমুখে জানান, জনসমক্ষে তাকে যেসব দামী ঘড়ি পরতে দেখা যায়, তার বেশিরভাগই তার নিজের নয়, বরং বন্ধুদের কাছ থেকে নেওয়া।
বর্তমানে সালমান খান তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি নিয়ে নতুন এক বড় সিদ্ধান্তের খবরও সামনে এসেছে। আগে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ এবং এর প্রেক্ষাপট ছিল গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষ। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমাটি থেকে চীন ও গালওয়ান সংক্রান্ত সকল উল্লেখ বাদ দেওয়া হয়েছে এবং বড় একটি অংশের পুনরায় শুটিং করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমানকে একজন ভারতীয় সেনা কর্নেলের ভূমিকায় দেখা যাবে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








