কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান

ছবি: সংগৃহীত- শাকিব খান
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি এই বর্বরোচিত অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বিনোদন জগতের তারকারাও।

ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখেছেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার।” তিনি উল্লেখ করেন, রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে দীর্ঘায়িত করা। তাই সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করতে আইনের কঠোর ও দ্রুত প্রয়োগ জরুরি।
এদিকে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে আগামী রোববারের মধ্যে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








