জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তুলতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাকে দায়িত্ব দেওয়ার অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

তবে এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। এরপর গত ২৪ মে আদালত আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। কিন্তু এর এক মাস পর, গত ২৩ জুন দেহাবশেষ তোলার অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

আদালতের নির্দেশনায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে গত বছরের ২০ অক্টোবর মামলাটি করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাইমটিভি/এমআর