বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আলমগীর কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন তিনি। খেলার শুরু থেকে উচ্ছ্বসিত থাকলেও ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে ওঠেন। ম্যাচ শেষে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

খেলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আলমগীরের বুকে তীব্র ব্যথা, অস্বস্তি ও শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়।

পরিবারের সদস্যরা জানান, আলমগীর দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের নিবেদিতপ্রাণ সমর্থক। বিশ্বকাপ এলেই বন্ধুদের সঙ্গে খেলা দেখতেন এবং দলের জয়-পরাজয়কে অত্যন্ত আবেগের সঙ্গে গ্রহণ করতেন। এবারের বিদায় তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, অতিরিক্ত আবেগ, মানসিক চাপ কিংবা হঠাৎ তীব্র উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থা রয়েছে, তাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

তিনি বলেন, খেলাধুলা মূলত বিনোদনের বিষয়। তাই খেলার ফলাফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ না নেওয়ার পরামর্শ দেন তিনি।

চিকিৎসক আরও জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরোপুরি সুস্থতা নিশ্চিত করতে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

প্রইমটিভি/এমআর