ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের দেওয়া মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতেও ব্যর্থ হলো বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ভালো সূচনা পেলেও তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। সপ্তম ওভারে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় রান নিতে গিয়ে বেন কারান রানআউট হন তার সরাসরি থ্রোতে।
এরপর তাসকিন আহমেদের জোড়া আঘাতে চাপে পড়ে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ১৭ রান করে আউট হওয়ার পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন অধিনায়ক ক্রেইগ আরভিন।
মধ্য ও শেষের দিকে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান তরুণ পেসার নাহিদ রানা। তার গতির সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটাররা। সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, তাশিঙ্গা মুসেকিওয়াসহ একে একে ছয় ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। ১০ ওভারে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট নেন এই ডানহাতি পেসার।
নাহিদ-তাসকিনদের দারুণ বোলিংয়ে মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে সফরকারীরা।
এই অবস্থায় তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দলীয় ৬৪ রানে ২৫ রান করে হৃদয় ফিরলে ভেঙে যায় সেই জুটি। এরপর একপ্রান্তে সোহান লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান।
ব্যাটারদের এমন ব্যর্থতায় নাহিদ রানার ক্যারিয়ারসেরা ৬ উইকেটও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







