আমি কাউকে ধর্ষণ করিনি- এপস্টাইন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টার ঘটনার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, “আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।”
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভার সদস্যসহ দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। এমন সময় ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তি অস্ত্র ও ছুরি নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
নিরাপত্তাকর্মীরা জানান, সন্দেহভাজন ব্যক্তি বলরুমের কাছাকাছি পৌঁছে গেলে তাকে আটক করা হয়। এর আগে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার কয়েক ঘণ্টা পর সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমে শান্তভাবেই পরিস্থিতি বর্ণনা করেন। তবে সাংবাদিক নোরা ও’ডোনেল হামলাকারীর কথিত ইশতেহার থেকে একটি অংশ পড়ে শোনালে পরিস্থিতি বদলে যায়।
ইশতেহারে লেখা ছিল, “আমি আর একজন শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতকের অপরাধে নিজেকে জড়াতে দিতে পারি না।”
এ কথা শুনেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে বলেন, “আমি জানতাম আপনি এটা পড়বেন।” এরপর তিনি জোর দিয়ে বলেন, আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।
ও’ডোনেল জানতে চান, হামলাকারী তাকে উদ্দেশ্য করেই এ কথা লিখেছে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমি শিশুকামীও নই।
হামলাকারীর বিষয়ে ট্রাম্প বলেন, তিনি একজন উগ্রপন্থি ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা রাজনৈতিক সহিংসতার জন্য বিরোধী পক্ষের বিদ্বেষমূলক বক্তব্যকে দায়ী করেন তিনি।
ঘটনার সময় নিজের প্রতিক্রিয়া সম্পর্কে ট্রাম্প বলেন, গুলির শব্দ শুনেও তিনি আতঙ্কিত হননি। বরং কী ঘটছে তা দেখতে চেয়েছিলেন।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









