লেবাননে আকাশ ও স্থলপথে ইসরায়েলের হামলা

ছবিঃ সংগৃহীত
লেবাননের বিভিন্ন অঞ্চলে আবারও আকাশ ও স্থলপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২ মে) দেশটির একাধিক শহরে ভারী বিমান হামলা ও আর্টিলারি শেলিংয়ের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কারণে হামলার তীব্রতা কিছুটা কমে এসেছিল।
কিন্তু বিভিন্ন কারণে সেই আলোচনা পিছিয়ে যাওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার প্রভাবেও আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত পাঁচটির বেশি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হতাহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা চালানোর চেষ্টা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো। এতে অন্তত ৬ জন লেবাননি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে একই ধরনের সংঘর্ষে আরও ১৪ জন লেবাননের প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিহত হন।
বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









