ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম-এ আবারও ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার (১২ মে) রাজধানী গোহাটীতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথবাক্য পাঠ করান।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। ১২৬ সদস্যের বিধানসভায় বিজেপি একাই ৮২টি আসনে জয় পায়। জোটসঙ্গী (এজিপি) ও (বিপিএফ) ১০টি করে আসন পাওয়ায় জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০২-এ।

অন্যদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১৯ টি আসনে জয় পেয়েছে। তাদের মিত্র রাইজর দল পেয়েছে ২টি আসন। এছাড়া (এআইইউডিএফ) ২টি এবং অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেস ১টি আসনে জয়লাভ করেছে।

শপথ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে আরও চারজন বিধায়ক শপথ নেন। তারা হলেন বিজেপির রামেসর টেলি  ও অজন্তা নেয়োগ, এজিপির  আতুল বোরা এবং বিপিএফের চড়ন বারা। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

২০১৬ সালে আসামে ১৫ বছরের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার সরকার গঠন করে বিজেপি। এরপর ২০২১ সালেও দলটি ক্ষমতায় ফিরে আসে। এবারও উন্নয়ন ও হিন্দুত্ববাদী রাজনীতির মিশ্র কৌশলে বড় জয় পেল দলটি।