দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ফ্লোরিডা, পুড়ে ছাই ৭ হাজার একর ভূমি

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি-ডেড ও ব্রোওয়ার্ড কাউন্টিতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ‘ম্যাক্স রোড ফায়ার’ নামে পরিচিত এই আগুনে এখন পর্যন্ত সাত হাজার একরেরও বেশি ভূমি পুড়ে গেছে।
রোববার থেকে শুরু হওয়া দাবানলটি সোমবার সকাল নাগাদ আরও ভয়াবহ আকার ধারণ করে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকার আকাশ। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী কাজ করছেন। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি ও অগ্নিনির্বাপক রাসায়নিক।
পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে দাবানলের কারণে প্রায় সাড়ে ছয়শ’ বাড়ি ঝুঁকির মুখে পড়েছে। এসব বাড়িকে আগুনের হাত থেকে রক্ষা করতে চারপাশে তৈরি করা হয়েছে সুরক্ষামূলক বেষ্টনী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।
দাবানলটি মূলত ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমে এবং নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পার্শ্ববর্তী সমারসেট একাডেমি স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। আপাতত স্কুল ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বাতাসের কারণে ধোঁয়া উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ছে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার বায়ুর মান কিছুটা উন্নতি হলেও ঝুঁকি এখনো কাটেনি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত ধোঁয়ার সংস্পর্শে গেলে মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং চোখ-নাকে জ্বালাপোড়া দেখা দিতে পারে।
ভারী ধোঁয়ার কারণে ইউএস-২৭ ও আশপাশের এলাকায় দৃশ্যমানতা কমে গেছে। তাই চালকদের ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কিছুটা স্বস্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









