যুদ্ধবিরতি শেষ হতেই ড্রোন হামলা

ছবি : রয়টার্স
তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরে কিয়েভজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাজধানীতে প্রথম সতর্কসংকেত।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় জানান, মঙ্গলবার ভোরে রুশ ড্রোন কিয়েভের আকাশে প্রবেশ করে। তিনি বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে জানা যায়, হামলার ফলে শহরের ওবোলোন এলাকার একটি ১৬-তলা আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে গত শুক্রবার থেকে তিন দিনের এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ট্রাম্প আশা করেছিলেন, এই পদক্ষেপ চলমান রক্তক্ষয়ী সংঘাত অবসানের একটি সূচনা হতে পারে। তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। তিন দিনের এই বিরতির মধ্যেও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুলেছে।
মঙ্গলবার ভোরে নতুন করে শুরু হওয়া এই হামলা প্রমাণ করল যে, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা এখনো চরম পর্যায়ে রয়েছে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









