পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানির ওপর বিজেপি’র নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত- প্রকাশ্যে পশু কোরবানির ওপর কঠোর নিষেধাজ্ঞা
পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে প্রকাশ্যে পশু কোরবানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক নির্দেশনায় জানানো হয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও 'ফিটনেস সার্টিফিকেট' ছাড়া গরু, মহিষ কিংবা ষাড়ের মতো কোনো পশু কোরবানি করা যাবে না।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পশু চিকিৎসকের ইস্যু করা শংসাপত্র ছাড়া কোনো পশু জবাই করা আইনত দণ্ডনীয় হবে। তবে এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। কেবল বার্ধক্যে উপনীত হওয়া, বড় ধরনের দুর্ঘটনার কারণে স্থায়ীভাবে পঙ্গু বা নিরাময় অযোগ্য হওয়া কিংবা প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলা পশুদের ক্ষেত্রেই এই অনুমতি মিলবে।সুস্থ ও সবল গবাদি পশু কোরবানির ওপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নতুন নীতিমালার মাধ্যমে।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্তকে পশু কল্যাণ ও পরিবেশ রক্ষার পদক্ষেপ হিসেবে দেখলেও, তা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে জনসমক্ষে কোরবানি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ফলে ধর্মীয় আচার পালনে নতুন ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট জবাইখানা বা নির্ধারিত স্থানের বাইরে কোরবানি দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনাটি আসন্ন উৎসবের মৌসুমে পশ্চিমবঙ্গের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









