বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

ছবিঃ সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ তথ্য জানায়।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তারা। এছাড়া দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলে উল্লেখ করেন প্রতিনিধিরা।
তারা আরও জানান, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য চালক বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নিয়োগের পাশাপাশি চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী নিয়োগেরও অনুরোধ করেন তিনি।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ শ্রমিক দরিদ্র হওয়ায় বিদেশ যাওয়ার খরচ জোগাতে ঋণের ওপর নির্ভর করতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









