চীনের বাজারে সহজ প্রবেশাধিকার পাচ্ছে মার্কিন কৃষিপণ্য

ছবি: সংগৃহীত
কৃষিপণ্যের বাণিজ্য বাড়াতে পারস্পরিক শুল্ক কমানো এবং অশুল্ক বাধা ও বাজারে প্রবেশসংক্রান্ত জটিলতা দূর করতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের পর শনিবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে হওয়া এসব সমঝোতা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যত দ্রুত সম্ভব তা চূড়ান্ত করার চেষ্টা চলছে।
গত বছরের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষিপণ্যের ওপর চীনের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। এর ফলে দুই দেশের কৃষিপণ্যের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনের কৃষিপণ্য আমদানি আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ৭ শতাংশ কমে ৮৪০ কোটি ডলারে নেমে আসে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যে শুল্ক কমিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে কোন কোন পণ্যে এই সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
গত অক্টোবরের বৈঠকের পর চীন আবারও যুক্তরাষ্ট্রের কিছু কৃষিপণ্য আমদানি শুরু করে। ফেব্রুয়ারির শেষ নাগাদ বেইজিং যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ২০ লাখ টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি কিছু গম ও বিপুল পরিমাণ সরগাম বা জোয়ারও আমদানি করেছে দেশটি।
বাজার বিশ্লেষকদের ধারণা, সয়াবিনের ওপর শুল্ক ১০ শতাংশ কমানো হতে পারে। এতে চীনের বেসরকারি তেলবীজ প্রক্রিয়াজাতকারীরা আবারও মার্কিন সয়াবিন কেনায় আগ্রহী হবে। গত মৌসুমে মূলত রাষ্ট্রীয় কোম্পানিগুলো এসব পণ্য আমদানি করেছিল।
বেইজিংভিত্তিক অ্যাগ্রাডার কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা জনি শিয়াং বলেন, কৃষিপণ্যে শুল্ক কমানো হলে চীন-যুক্তরাষ্ট্র কৃষিবাণিজ্য আবার স্বাভাবিক ধারায় ফিরবে এবং বাণিজ্যিক ক্রেতারা বাজারে সক্রিয় হতে পারবেন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অশুল্ক বাধা ও বাজারে প্রবেশসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান বা অন্তত উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য থেকে গরুর মাংস ও পোলট্রি রপ্তানির ক্ষেত্রে চীনে রপ্তানিকারকদের বিশেষ নিবন্ধনের প্রয়োজন হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। চীন জানিয়েছে, এসব উদ্বেগ নিরসনে কাজ করা হবে।
গত শুক্রবার বেইজিং যুক্তরাষ্ট্রের ৪২৫টি গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে। একইসঙ্গে আরও ৭৭টি মার্কিন স্থাপনাকে নতুন পাঁচ বছরের অনুমোদন দিয়েছে।
মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স শনিবার এক্সে দেওয়া এক পোস্টে জানান, চীন গরুর মাংস আমদানিসংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মত হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্য থেকে আবারও গরুর মাংস আমদানি শুরু হবে।
অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার শুক্রবার বলেন, আগামী তিন বছরে চীন যুক্তরাষ্ট্র থেকে ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের কৃষিপণ্য কিনবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা। তবে কোন পণ্য কত পরিমাণে আমদানি করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









