ইরানে যুদ্ধের প্রস্তুতিতে ‘গণবিয়ে’, মেশিনগান নিয়ে হাজির বর-কনে

ছবি: সংগৃহীত
ইরানে সরকারের উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক গণবিয়ের অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন এমন শত শত তরুণ-তরুণী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে দাবি করা হয়েছে।
সোমবার রাতে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় এ গণবিয়ের আয়োজন করা হয়। এর মধ্যে ইমাম হোসেন স্কয়ারে শতাধিক নারী-পুরুষের বিয়ে অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “জানফাদা”, যার অর্থ ‘আত্মোৎসর্গ’। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্রয়োজনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মানবঢাল হিসেবেও দাঁড়াতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
সরকারের দাবি, লাখ লাখ মানুষ এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। এতে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও।
ইরানি কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে জনগণের মনোবল ও সরকারের প্রতি সমর্থন বাড়াতেই এমন আয়োজন করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে নিয়মিত সরকারপন্থী সমাবেশ ও কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে দেখা যায়, বর-কনেরা সামরিক বাহিনীর জিপ গাড়িতে করে বিয়ের মঞ্চে আসছেন। কিছু গাড়িতে মেশিনগানও স্থাপন করা ছিল। বেলুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছিল পুরো বিয়ের মঞ্চ।
বিয়েতে অংশ নেওয়া এক তরুণী কনে বলেন, “দেশ এখন যুদ্ধের মধ্যে রয়েছে। তবে তরুণ-তরুণীদেরও বিয়ে করার অধিকার আছে।”
এক বর বলেন, “আমরা মানুষের পাশে দাঁড়াতে এবং সবাইকে শুভকামনা জানাতে এখানে এসেছি।”
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









