জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কেনিয়ায় সংর্ঘষ, নিহত ৪

ছবি: সংগৃহীত-কেনিয়ায় সংর্ঘষ
কেনিয়ায় পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশের বেশি বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী শুরু হওয়া পরিবহন ধর্মঘট ও বিক্ষোভ মারাত্মক সহিংস রূপ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং ৩৪৮ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে ৬ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাতে সম্প্রতি কেনিয়া সরকার প্রতি লিটার ডিজেলের দাম ২৪২ শিলিং (১.৮ ডলার) এবং পেট্রোলের দাম ১.৬৫ ডলার নির্ধারণ করে। এর প্রতিবাদে দেশটির ‘ট্রান্সপোর্ট সেক্টর অ্যালায়েন্স’ (টিএসএ) সর্বাত্মক ধর্মঘটের ডাক দিলে রাজধানী নাইরোবিসহ প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ে।
ধর্মঘটের কারণে গণপরিবহন (মাতাতু) বন্ধ থাকায় সাধারণ মানুষকে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তানজানিয়াসহ প্রতিবেশী দেশ থেকে আসা পণ্যবাহী ট্রাক আটকে থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই সহিংসতার পেছনে রাজনৈতিক উসকানির অভিযোগ এনেছেন। অন্যদিকে, পরিবহন জোট (টিএসএ) এটিকে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আখ্যা দিয়ে বর্ধিত মূল্য প্রত্যাহার করে তেলের দাম অন্তত ৩৫ শতাংশ কমানোর দাবি জানিয়েছে। কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









